Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ ঘিরে দেশব্যাপী বিশেষ নিরাপত্তায় র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৫:১৮ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৬:৪৩

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশব্যাপী ঘরমুখী মানুষকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানগুলোতে বিশেষ নিরাপত্তায় ও নজরদারী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ।

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, পবিত্র ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রেখেছে। সারা দেশব্যাপী ঈদ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশব্যাপী ঘরমুখী মানুষকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি র‌্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল ব্যাটালিয়নদের দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানগুলোতে বিশেষ নজরদারি রয়েছে। যাত্রী হয়রানি রোধকল্পে টিকিট নিয়ে কোনো প্রকার কারসাজি বা অতিরিক্ত মূল্য আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কর্নেল ইফতেখার আহমেদ বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে।

রাজধানীসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‌্যাবের নজরদারী ও টহল বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া উস্কানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‌্যাব সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আগের বছরগুলোর মতো এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশের মানুষ ঈদের আনন্দে শামিল হবে। এ উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত
২০ মার্চ ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর