ঢাকা: রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত ঘিরে নিরাপত্তা নিশ্চিতে কোনো প্রকার কমতি রাখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো ঈদগাহ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা।
শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় এমন চিত্র দেখা গেছে।
এদিকে, ঈদগাহ ময়দান ও এর চারপাশের এলাকাকে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে অত্যাধুনিক আর্চওয়ে। মুসল্লিদের তল্লাশির পর ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে। হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়েও চলবে নিবিড় তল্লাশি।
ডিএমপির পাশাপাশি র্যাব, সোয়াট এবং বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।
এছাড়া, ঈদের দিন জাতীয় ঈদগাহ অভিমুখী রাস্তাগুলোতে সাধারণ যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। নির্দিষ্ট পয়েন্টগুলোতে ডাইভারশন দিয়ে ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মুসল্লিদের কেবল জায়নামাজ এবং বৃষ্টির কথা মাথায় রেখে ছাতা সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে। ব্যাগ, থলে কিংবা কোনো ধরনের দাহ্য পদার্থ বা ধারালো বস্তু সাথে না আনার জন্য কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানী ঢাকায় সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।