Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রীড়াঙ্গনকে পেশাদার করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ২২:৩২ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২২:৩৩

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নতুন কুঁড়ি’ নামে যে অনুষ্ঠান ছিল, সেখানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই। শুধু তাই নয়, আমাদের পরিকল্পনা আছে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন শ্রেণির মধ্যে নিয়মিত খেলার প্রতিযোগিতা শুরু করার।’

তিনি আরও জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের জন্য জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-র আদলে ক্রীড়া ক্ষেত্রেও বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ’

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাবেক জাতীয় ফুটবলারদের নিয়ে গঠিত লাল ও সবুজ দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

খেলা শেষে পুরস্কার বিতরণী পর্বে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময়ও আমাদের দলীয় ইশতেহারে বলেছি, ‘বাংলাদেশের ক্রীড়া জগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। খেলাকে পেশাদার রূপ দিতে চাই।’

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান বৃদ্ধির লক্ষ্য ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অনুষ্ঠিত খেলাধুলা থেকে আরও বেশি সম্মান বয়ে আনা এবং বিশ্বমানের খেলোয়াড় তৈরি করা। এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক। দলমত নির্বিশেষে আমরা একটি সুন্দর ক্রীড়া জগৎ গড়ে তুলব। ক্রীড়া যেমন সম্মান বয়ে আনে, তেমনি এটি মানুষের মধ্যে বন্ধুত্বের বন্ধনও তৈরি করে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, যিনি পুরো খেলাটি উপভোগ করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (সাবেক জাতীয় গোলরক্ষক), ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ম্যাচ শেষে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর