Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে আরিফুল হক চৌধুরী
কম্পিটিশনে কলকাতার চেয়ে আমরা এগিয়ে যাব

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ২২:৪১

বৈশাখের অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

সিলেট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়াকে সবচেয়ে ঘনিষ্ঠ উল্লেখ করে বলেছেন, আমি যখন মেয়র ছিলাম, তখন ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার জন্য ভারতীয় দূতাবাস থেকে সিলেট সিটি করপোরেশন ২৬ কোটি টাকা অনুদান পায়। ফলে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র উন্নতি করার পাশাপাশি নগরীর ধোপাদিঘীর পুকুর, ওয়াকওয়ে, চারাদিঘীর পার স্কুলসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধন করা হয়। তিনি বলেন, আমি মনে করি, কলকাতার চেয়ে কোনো অংশে সিলেট পিছিয়ে নেই। সবার সহযোগিতায় আমরা কম্পিটিশনে কলকাতার চেয়ে এগিয়ে যাব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেট নগরীর ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি এবং আনন্দলোক আয়োজিত পৃথক বর্ষবরণ উৎসবে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।’

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্যক্তিগত উদ্যোগ ও সীমিত সম্পদ দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে।’

তিনি বলেন, ‘এরই মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিলেটের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এ কমপ্লেক্সে সাংস্কৃতিক চর্চা ও শিশু-কিশোরদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

তিনি নববর্ষের এ শুভক্ষণে সকলকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আরিফুল হক বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এবং এ অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’ এই সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন প্রজন্মের নেতৃত্বেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।’ শেষে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সঙ্গীতশিল্পী হিমাংশু বিশ্বাস, নাট্যসংগঠক শামসুল বাসির শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিংহ, শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর