Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১২:২৬

সালাহউদ্দিন নোমান চৌধুরী।

ঢাকা: জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। সেখানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল অতুল খারে, অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সসহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। তিনি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন, তাদের নেতৃত্বে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতির জন্য গৌরব ও মর্যাদা বয়ে আনেন। একইসঙ্গে তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা, পেশাদারিত্ব ও কার্যকারিতা নিশ্চিতকরণে তাদের অব্যাহত সহযোগিতা ও সহায়তার ভূয়সী প্রশংসা করেন।

শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, ‘তাদের ত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। তিনি উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর