Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছরে ৩১১০ শূন্যপদে নিয়োগ দেবে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৩:০৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:৩৯

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

ঢাকা: শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ৩১১০ শূন্যপদে নিয়োগ দেবে সরকার। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে চার হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে তিন হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’-এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগের তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শূন্যপদের সংখ্যা চার লাখ ৬৮ হাজার ২২০টি।

এর মধ্যে, প্রথম গ্রেড থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম গ্রেড থেকে দ্বাদশ গ্রেডে এক লাখ ২৯ হাজার ১৬৬ টি, ত্রয়োদশ গ্রেড থেকে ষোড়শ গ্রেডে এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি, সপ্তদশ গ্রেড থেকে বিশতম গ্রেডে এক লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে— এমন আট হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রাপ্তির পর এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিন সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ