ঢাকা: রাজধানীর বাংলাদেশ সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তিনি সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমি পদযাত্রা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনার সৃষ্টি করে। সচিবালয় থেকে বের হয়ে ওসমানী মিলনায়তনে যাওয়ার পথে রাস্তার এক পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য সাধারণ মানুষ সড়কের পাশে সমবেত হন। পথিমধ্যে সাধারণ মানুষের উষ্ণ শুভেচ্ছা ও করতালির জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন জানান এবং হাসিমুখে কুশল বিনিময় করেন।
সরকারপ্রধানকে এভাবে প্রটোকল বা গাড়ি বহর ছাড়া জনগণের খুব কাছ দিয়ে হেঁটে যেতে দেখে সাধারণ পথচারীদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।
পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্ধারিত ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা, উচ্চপদস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।