Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভার বৈঠক
শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ০০:৪২

জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য খসড়ায় চূড়ান্ত অনুমোদনের পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্প, জাতীয় চা দিবস, বিমা আইন ও বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে (ক) ঢাকা উত্তর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তি, (খ) ঢাকা মেট্রোপলিটন পুলিশে অন্তর্ভুক্তি, (গ) ঢাকা ওয়াসায় অন্তর্ভুক্তি, এবং (ঘ) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবাগুলোর প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবা পাওয়া সম্ভব হচ্ছে না।

এ পরিপ্রেক্ষিতে, পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকায় নাগরিক সেবা কার্যক্রমের পাশাপাশি টেকসই নগর ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প এলাকাকে বসবাসের উপযোগী করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা জরুরি। সেইসঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিতকল্পে প্রকল্প এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত করা প্রয়োজন।

এ ছাড়া, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কার্যকর, সুষ্ঠু পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক। পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকার নাগরিক সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক। এ পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রস্তাবগুলো মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে।

এদিন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ২০২০ সাল হতে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ (International Tea Day) হিসেবে পালন করছে। চা উৎপাদনকারী বেশ কিছু দেশ (যেমন-ভারত, শ্রীলংকা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম) ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে থাকে।

আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভা-বৈঠকে অনুমোদন করা হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও কমিশনারদের বয়স সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ এর উপ-ধারা (৬) এর শর্ত বিলুপ্তকরণের প্রস্তাব অনুমোদন করা হয় বৈঠকে।

‘বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ালেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ এর উপ-ধারা (৬) এ কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে তাদের বয়সের সর্বোচ্চ সীমা ৬৫ বৎসর নির্ধারণ করা আছে। এতে পুঁজিবাজার খাতে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান ও কমিশনার হিসেবে নিয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। এ কারণে চেয়ারম্যান ও কমিশনার পদের নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্তটি জনস্বার্থে বিলুপ্ত করার উদ্দেশ্যে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের বয়স সংক্রান্ত ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’ এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) বিলুপ্তকরণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) এ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে তাহাদের বয়সের সর্বোচ্চ সীমা ৬৭ বৎসর নির্ধারণ করা আছে।

কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বৎসর নির্ধারিত থাকায় বীমাখাতে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। এ কারণে চেয়ারম্যান ও সদস্য পদের নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত দফাটি জনস্বার্থে বিলুপ্ত করার উদ্দেশ্যে বিদ্যমান আইনের সংশোধন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

The Members of Parliament (Remuneration and Allowances) (Amendment) Act, 2026 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংসদ-সদস্যদের পারিতোষিক ও ভাতাদি ‘The Members of Parliament (Remuneration and Allowances) Order, 1973’ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। ওই Order এর Article 3C এর বিধান অনুযায়ী সংসদ-সদস্যগণ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে থাকেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য ‘The Members of Parliament (Remuneration and Allowances) (Amendment) Act, 2026’ এর খসড়া মন্ত্রিসভা-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর