Monday 27 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ১৫৬ বাংলাদেশি হজযাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৯:৪০

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৯০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩৬ হাজার ১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী।

সোমবার (২৭ এপ্রিল) হজ অফিসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, আজ সকাল ১০টা পর্যন্ত ৯০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে আরও ৭টি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট সাড়ে ৭৮ হাজার জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ প্রায় ৬৬০টি সংস্থা সক্রিয় রয়েছে।

বিজ্ঞাপন

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৬ হাজার ১৩২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১২ হাজার ৮৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর