Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রাজনৈতিক সিদ্ধান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৬:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সারাবাংলা

ঢাকা: পুলিশের ১৬ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি, পদোন্নতি কিংবা ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করা মন্ত্রণালয়ের রুটিন কাজ। এটি একটি চলমান প্রক্রিয়া এবং এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ১৬ জন ডিআইজিকে অপসারণের পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা অবিচার করা হয়নি। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যাচাই-বাছাইয়ের মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। জনগণকে স্বস্তি দিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে, তবে দীর্ঘদিনের বিশৃঙ্খলা কাটিয়ে সুশাসন প্রতিষ্ঠায় কিছুটা সময় প্রয়োজন হতে পারে ।

জামিনে মুক্তি পাওয়া চিহ্নিত অপরাধীদের বিষয়ে মন্ত্রী বলেন, আদালত কেন বা কীভাবে জামিন দিয়েছেন সেটি আদালতের বিবেচ্য বিষয়। তবে পেশাদার অপরাধীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন ধারণা থেকে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর