Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেউ যেন স্বাস্থ্যসেবা বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার: ডা. জুবাইদা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৭:৫৫ | আপডেট: ৫ মে ২০২৬ ২১:২৪

ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ডা. জুবাইদা রহমান বলেছেন, কেউ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। বিশেষ করে কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির মানুষজন বহু মাস অপেক্ষা করছেন সহজ লক্ষ্যে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য। সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশির ভাগ সময়ে প্রধানমন্ত্রী তার রুমের লাইট বন্ধ দেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। তিনি ১৬ ঘণ্টা একনাগাড়ে চেয়ারে বসে কাজ করেন। নিষ্ঠা সততার সঙ্গে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আমরাও যেন আমাদের চেয়ার থেকে নিষ্টা সততার সঙ্গে কাজ করে যেতে পারি।

বিজ্ঞাপন

সম্মানিত অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি মডেল হাসপাতাল বলা যায়। ব্যয়বহুল চিকিৎসা এখানে বিনামূল্যে নিচ্ছেন সবাই। বাংলাদেশের সব জায়গায় যখন এমন একটি করে হাসপাতাল করতে পারব সেটা হবে গর্বের। নতুন বাংলাদেশ হতে হবে একটি জবাবদিহিতার বাংলাদেশ। সবার কাছে স্বাস্থ্য অধিকার পৌঁছে দিতে চাই। আমাদের মনে রাখতে হবে – কারও না কারও কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। এটা মনে রাখলে আমাদের কাজগুলো আরও সুন্দর হবে। নতুন বাংলাদেশে আমরা আর কোনো ধরনের সংঘাত দেখতে চাই না। এই হাসপাতালকে আমরা একটি মাল্টি কেয়ার হাসপাতাল বানাব – এমন চিন্তা চলছে। এ জন্য প্রয়োজন আমাদের পর্যাপ্ত জনবল।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, শুধু এই নির্বাচনি এলাকা নয়, সারা দেশে স্বাস্থ্য সেবা মানুষের দর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে সহায়তা করব।

বিএনপির ঢাকা-১৭ নির্বাচনি পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, কড়াইল, ৭তলা ও ভাসানটেক বস্তি বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে গেছে। বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা নাই। এই বৃষ্টিতেও এসব এলাকায় কোনো জলাবদ্ধতা নাই। প্রধানমন্ত্রী যা আশ্বাস দিয়েছেন সেসব বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিএনপি যে কথা বলে সে আশ্বাস অক্ষরে অক্ষরে পালন করে।

সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন – তথা ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান প্রমুখ।