নাটোর: নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটোভ্যানকে চাপা দিলে আলী নামে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত আলীর বাড়ি উপজেলার হাতিয়ানদহ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাগল বিক্রির উদ্দেশ্যে যাওয়া কয়েকটি অটোভ্যান হঠাৎ উলটো পথে চলে আসে।
এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোভ্যান চালকরা উলটো পথে ওঠে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।