Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় উল্টো পথে আসা ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ২২:১৯ | আপডেট: ৩ মে ২০২৬ ১০:২৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা ট্রাকচাপায় মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালক রাশেদুল ইসলাম জানান, তিনি রিকশা চালিয়ে যাওয়ার সময় ডেমরার পাইটি এলাকায় অনেক লোকজনের ভিড় দেখতে পান। এগিয়ে গেলে জানতে পারেন, ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। তখন স্থানীয়রা ও পুলিশ আহত মোটরসাইকেল চালককে তার সিএনজিতে উঠিয়ে দেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

এদিকে, ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাচ্ছিল। দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকাপিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ট্রাকের নিচ থেকে তাকে বের করে হাসপাতালে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম