Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বৃষ্টির ছোঁয়ায় ঢাকার বায়ুমানে উন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১২:২০

ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণের তালিকায় মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে শীর্ষ সারিতে থাকলেও গত কয়েক দিনের বৃষ্টিতে এর বায়ুমান কিছুটা উন্নত হয়েছে।

শনিবার (৯ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান বর্তমানে ‘সতর্কতামূলক’ অবস্থানে রয়েছে।

আজ সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৩২, যা বৈশ্বিক তালিকায় শহরটিকে চতুর্থ অবস্থানে রেখেছে।

এই স্কোর সাধারণ সময়ের তুলনায় কিছুটা ভালো হলেও শিশু, বৃদ্ধ বা শ্বাসকষ্টে ভোগা সংবেদনশীল ব্যক্তিদের জন্য এখনও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ১৯৫ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যেখানে দূষণের মাত্রা চরম অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৮৬। অ

ন্যদিকে ভারতের দিল্লি ১৬৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে থাকলেও পূর্বের তুলনায় সেখানে দূষণের তীব্রতা কিছুটা কম লক্ষ্য করা গেছে। ভারতের অন্য দুই শহর কলকাতা ১০৬ স্কোর নিয়ে অষ্টম এবং মুম্বাই মোটামুটি ভালো বায়ুমান নিয়ে ২৯তম অবস্থানে রয়েছে।

বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০-কে ‘মাঝারি’ বলা হয়। তবে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

ঢাকার বর্তমান স্কোর ১৩২ হওয়ায় বাসিন্দাদের বিশেষ করে সংবেদনশীল ব্যক্তিদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল ও শুষ্ক আবহাওয়ায় এই স্কোর আবারও পরিবর্তিত হতে পারে। তাই বায়ুর গুণমান সন্তোষজনক পর্যায়ে না আসা পর্যন্ত স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বনের বিকল্প নেই।

সারাবাংলা/এফএন/ইআ