Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ কোটি লিটার পরিশোধিত পাম অয়েলসহ চার ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ২০:০৪ | আপডেট: ১২ মে ২০২৬ ২০:৫২

ঢাকা: অভ্যন্তরীণ উৎস থেকে ২ কোটি লিটার পরিশোধিত পাম অয়েল ক্রয়সহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ৬০৪ কোটি ৮৭ লাখ টাকা।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অয়েল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড’ থেকে ১ কোটি লিটার এবং ‘শবনম ভেজিটেবল অয়েল ইন্ডস্ট্রিজ লিমিটেড’ থেকে ১ কোটি লিটার পরিশোধিত পাম অয়েল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ কোটি ৬৯ লাখ ৮০ হাজার পিস ‘এন্টি-টিবি ড্রাগ’ (২এফডিসি) ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরবরাহ করবে ‘মেসার্স রেনাটা পিএলসি’। এতে ব্যয় হবে ৭৪ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকা।

বৈঠকে চট্টগ্রাম কাস্টমস হাউজের আবাসাসিক ভবন নির্মাণে একটি প্যাকেজের পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড’। এতে ব্যয় হবে ১০২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা।

এছাড়া বৈঠকে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে রংপুরে ২০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি বাফার গুদাম নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘মেসার্স এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড’। এতে ব্যয় হবে ৫৯ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকা।