ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে সমাজে বেঁচে থাকার সমান অধিকার রয়েছে।
বুধবার (১৩ মে) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসার কোনো বিকল্প নেই।’ এই প্রেক্ষাপটে দিবসের এবারের প্রতিপাদ্য ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ পালন করা হচ্ছে। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
দিবসটি উদযাপনের প্রাক্কালে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবার, চিকিৎসক, থেরাপিস্ট এবং এই বিষয়ে কর্মরত সরকারি ও বেসরকারি সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন,‘ বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার পাশাপাশি এখানে বিপুল সংখ্যক শিশু ও ব্যক্তি অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যার শিকার। একটি বৈষম্যহীন, মেধাভিত্তিক ও জবাবদিহিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে ।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহসহ সংশ্লিষ্ট আইনগুলোর কার্যকর বাস্তবায়ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি মানুষ নিজের সীমাবদ্ধতা জয় করে স্বপ্ন পূরণের সুযোগ পাবে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মানোন্নয়নে অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
যারা খেলাধুলায় আগ্রহী তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও বেশি সংখ্যক ব্যক্তি যাতে প্যারা-অলিম্পিকে অংশ নিতে পারে সে লক্ষ্যে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি। সম্মিলিত প্রয়াস ও মানবিক দায়বদ্ধতার মাধ্যমে সকল মানুষের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।