Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই: পানিসম্পদমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশের স্বার্থে ও ২৪ জেলার নদীতে পানিপ্রবাহ ঠিক রাখতে প্রকল্পটির (পদ্মা ব্যারেজ প্রকল্প) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

পানিসম্পদমন্ত্রী এ্যানি বলেন, ‘সাত বছর মেয়াদি পদ্মা ব্যারেজ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। পুরো অর্থই সরকারের কোষাগার থেকে আসবে।’

এ সময়ই তিনি বলেন, ‘দেশের স্বার্থে হওয়া ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে অবস্থিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরে নেতিবাচক প্রভাব পড়েছে।’

তিনি ফারাক্কা বাঁধকে ‘অভিশপ্ত’ উল্লেখ করে বলেন, ‘এর প্রভাব মোকাবিলায় সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।’

বিএনপির নির্বাচনি ইশতেহারেও এ প্রকল্পের কথা ছিল বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘পদ্মা ব্যারেজে বর্ষা ও প্লাবনের পানি সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ সারাবছর কৃষি সুবিধা পাবে।’

পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়াও মন্ত্রী জানান, ২০২৬ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০৩৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে প্রতি বছর সরকারি কোষাগার থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর