Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ১৬ মে ২০২৬ ১৫:০৫

পথসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুমিল্লা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুমিল্লাকে বিভাগ করা নিয়ে যদি সবাই এই দাবির সঙ্গে একমত হন, তবে তা বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সফরে যাওয়ার পথে অল্প সময়ের জন্য এই পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়েই সরকার এগিয়ে যাবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। সবার আগে দেশ, আর এই দেশ সবার। জনগণের কাছে যেসব পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছিল, মানুষ সেই আস্থার জায়গা থেকেই আমাদের ভোট দিয়েছে। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অবশ্যই বাস্তবায়ন করব।

কুমিল্লার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের একপর্যায়ে উপস্থিত জনতা কুমিল্লা বিভাগ চাই স্লোগানে মুখর হয়ে ওঠেন। তখন প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, ঠিক আছে, সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বিষয়টি বাস্তবায়ন হবে। তার এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে, সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে লক্ষ্মীপুর বাজার এলাকা। সকাল সাড়ে ১০টার মধ্যেই পুরো মাঠ হাজারও মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক নারী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরসূচির অংশ হিসেবে তিনি কুমিল্লার বরুড়ায় এই পথসভায় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর