ঢাকা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মায়ের মতো করেই ছেলে তারেক রহমান অবদান রাখবেন।
শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়াত নেত্রীর রাজনৈতিক আদর্শ ও তার সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

স্পিকার বলেন, বেগম খালেদা জিয়া সাধারণ গৃহবধূ থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সফল রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার এক অনন্য দৃষ্টান্ত। তিনি কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই কখনো কটূক্তি করতেন না। তার নেতৃত্বের গভীরতা এবং জনমানুষের প্রতি ভালোবাসার কারণেই মৃত্যুর পর কোটি মানুষ তার জন্য চোখের জল ফেলেছেন।
তিনি আরও বলেন, মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে বেগম জিয়ার দৃঢ়তা ছিল অবিস্মরণীয়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে স্পিকার বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম নিয়ে সংশয় থেকে যেত, আর এই মহান কাজে বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। জিয়া পরিবার ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা কঠিন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে ‘ছবির গল্প’র পক্ষ থেকে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকৃত সত্য ও ইমেজ তুলে ধরার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
এছাড়া বর্ষপঞ্জিটিতে প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের ১২টি বিশেষ দিক ফুটিয়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা।