Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের আগে সরকারি কর্মচারীদের শেষ অফিস আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১১:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস অতিবাহিত হচ্ছে। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের দীর্ঘ ছুটি। ঈদ উপলক্ষ্যে এই লম্বা ছুটিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ ব্যাংক ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং ঘরমুখো মানুষের বাড়ি ফেরার যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতেই মূলত সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি অনুমোদন দেওয়া হয়, এবং এর পরিবর্তে গত ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হয়েছিল। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে দেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জরুরি নাগরিক সুবিধা সচল রাখতে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি খাতের কর্মকর্তা-কর্মচারীরা ছুটির দিনগুলোতেও স্বাভাবিক দায়িত্ব পালন করবেন। একই সাথে চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও নিয়মতান্ত্রিকভাবে নিয়োজিত থাকবেন। এদিকে দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। ঢাকার বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় ও যাত্রীচাপ লক্ষ্য করা গেছে। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে আনন্দমুখর পরিবেশে গ্রামের পথে ছুটছেন নগরবাসী। সংবাদপত্রগুলোতেও ঈদুল আজহা উপলক্ষ্যে এরই মধ্যে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদের আগেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর