ঢাকা: অন্যান্যবারের মতো চলতি বছরও পবিত্র হজের খুতবা বাংলাসহ বিশ্বের মোট ৫০টি ভাষায় সরাসরি অনুবাদের মাধ্যমে প্রচার করা হবে। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সপ্তমবারের মতো বাংলা ভাষায় খুতবার তাৎক্ষণিক অনুবাদ সম্প্রচার হবে।
এবারের হজের খুতবা বাংলা ভাষায় রূপান্তরের গুরুদায়িত্ব পেয়েছেন চারজন বিশিষ্ট বাংলাদেশি আলেম ও গবেষক। তারা হলেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব।
এই চার অনুবাদকই মক্কার ঐতিহ্যবাহী উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। সম্প্রতি এই তথ্যটি নিশ্চিত করেছেন হজের খুতবা অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগের প্রধান ড. মুহাম্মদ খলীলুর রহমান।
আগামী ২৬ মে ৯ জিলহজ হজের মূল দিন আরাফাত ময়দানের মসজিদে নামিরা থেকে মূল খুতবা প্রদান করবেন প্রখ্যাত খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মুসলিমের কাছে ইসলামের মূল বাণী পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই এই বিশাল সম্প্রচার কার্যক্রম চালু রাখা হচ্ছে।
উল্লেখ্য, সৌদি আরব সরকার ২০১৮ সালে মাত্র পাঁচটি ভাষা নিয়ে এই যুগান্তকারী অনুবাদ প্রকল্প শুরু করেছিল। পরবর্তীতে ২০২০ সালে এই তালিকায় প্রথমবারের মতো বাংলাকে অন্তর্ভুক্ত করা হয়। শুরুর দিকে কার্যক্রমটি কেবল আরাফাতের খুতবার মধ্যেই সীমিত ছিল, তবে বর্তমানে পরিধি বাড়িয়ে দুই পবিত্র মসজিদের সাপ্তাহিক জুমার খুতবা, দুই ঈদের বিশেষ খুতবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনার অনুবাদও এর মাধ্যমে প্রচার করা হয়ে থাকে।
হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি
সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৩:৪১
২৪ মে ২০২৬ ১৩:৪১
সারাবাংলা/এনএল/ এএ