ঢাকা: বিরল প্রজাতির অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার (২৭ মে) অ্যালবিনো জাতের এই মহিষকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে। তবে রাত পৌনে ১০টা নাগাদ মহিষটি চিড়িয়াখানায় এসে পৌঁছেনি। তবে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে দর্শকরা জাতীয় চিড়িয়াখানা ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে পাবেন। ধারণা করা হচ্ছে, প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা মহিষ দেখা যাবে।
বুধবার রাতে মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ট্রাম্প নামের মহিষটাকে প্রদর্শনীর জন্য আজ রাতেই চিড়িয়াখানায় আনা হচ্ছে। তবে এখন পর্যন্ত মহিষটি চিড়িয়াথানা এসে পৌঁছায়নি। আমরা একটা শেড প্রস্তুত করেছি। ওই শেডে মহিষটিকে রাখা হবে।’
কোন শেডে কার পাশে এটি রাখা হবে? জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, “অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ৮ নম্বর সেডে রাখা হবে। এরই মধ্যে শেড প্রস্তুত করা হয়েছে। এই শেডের আশেপাশে একদিকে গয়াল, অন্যদিকে ইম্পালা রয়েছে।”
মহিষটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শেডে রাখলে দর্শনার্থীরা স্বাভাবিকভাবেই দেখতে পাবেন।’ প্রথমবারের মতো চিড়িয়াখানায় মহিষ রাখা হচ্ছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘অতীতে কখনো চিড়িয়াখানায় মহিষ ছিল বলে আমার জানা নেই। সেই হিসাবে বলা যায়, প্রথমবারের মতো চিড়িয়িাখানায় মহিষ দেখা যাবে।’
জানা গেছে, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’কে ফিরিয়ে এনে বুধবাব নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে। সেখানে আগের মতোই খামারে লালন-পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেখান থেকে পশুটিকে চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে। নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।
এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি এএফপি থেকে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।