Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ৩ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক ও ভয়াবহ: রুমিন ফারহানা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ২০:৫০

সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এসব তথ্যই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হয়ে পড়েছে।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধির ওপর জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের খালি আসনের দিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ এখানে উপস্থিত থাকবেন কিন্তু সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নেই। তিনি বলেন, কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। এরপর তিনি সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র সংসদে তুলে ধরেন।

বিজ্ঞাপন

বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনের পরিসংখ্যান টেনে রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। তিনি বলেন, কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি। দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয় চিত্র তুলে ধরে তিনি বলেন, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি।

তিনি বলেন, এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, সংঘবদ্ধ ধর্ষণের নির্মম শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। তিনি বলেন, এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে গত ৩ মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা নাজুক ও ভয়াবহ।

সরকারের সার্বিক সফলতা ও ব্যর্থতার দায় বণ্টন করে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা এই দুটো বিষয়ের ওপরই সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, আর বাকি ৫০ ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার এই খতিয়ান আরও স্পষ্ট করে বলা সহজ হতো উল্লেখ করে তিনি বলেন, সরকারের সফলতার বড় অংশই মূলত অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর