Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই: রুমিন ফারহানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন রুমিন ফারহানা – ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদে বিরোধী দলীয় মতামত ও ভিন্নমত প্রকাশের কোনো সুস্থ পরিবেশ নেই- বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

পূর্ববর্তী দিনের নিজের অভিজ্ঞতা তুলে ধরে রুমিন ফারহানা অভিযোগ করেন, সংসদে কথা বলার পর সহকর্মীদের কাছ থেকে যে ধরনের আচরণ এসেছে তা সংসদীয় রীতিনীতির পরিপন্থী।

তিনি বলেন, তার বক্তব্য শেষ হওয়ার পর আশেপাশের সদস্যরা অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষায় গালাগালি করেছেন। হাজারো মানুষের রক্তের বিনিময়ে দেশে ভোটের মাধ্যমে সংসদ গঠিত হওয়ার পরও যদি পরিবেশের পরিবর্তন না হয়, তবে নামমাত্র বিরোধী দল সেজে সংসদে থাকার কোনো প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

রুমিন ফারহানা বলেন, সংসদে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করা অত্যন্ত জরুরি। অতীতে আওয়ামী লীগসহ অন্যান্য দল ও আন্তর্জাতিক সংস্থাগুলো র‌্যাবের বিলুপ্তির দাবি জানিয়েছিল, তাই নতুন কোনো বাহিনী কেবল পোশাক বা নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন বাহিনীর কাছ থেকে সাধারণ মানুষ হেনস্তা ও নির্যাতনের শিকার হয়েছে, যা নতুন বাংলাদেশে আর কাম্য নয়। পুলিশ বা এসআরবিসহ যেকোনো বাহিনী যেন কোনো দলের অধীনে না থেকে নিরপেক্ষভাবে কাজ করে। আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি দলীয়করণ মুক্ত ও স্বকীয়তা বজায় রেখে পরিচালনায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর