ঢাকা: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হাজিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সর্বমোট ৪৫ হাজার হাজর ১৫৮ জন হাজি দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৯ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩,৫১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪১,৬৪৭ জন হাজি।
হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১০৫ টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩টি ফ্লাইটে ১৭,৭৫৮ জন, সৌদি এয়ারলাইন্স ৪৩টি ফ্লাইটে ১৭,৩৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইটে ৭,৭০০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ২,৩৫৫ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৫৯,৬৭১ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৫,৭১০ টি সেবা প্রদান করা হয়েছে।
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৪৫ হাজার ১৫৮ জন হাজি
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১০:৫৯
৯ জুন ২০২৬ ১০:৫৯