ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬ হাজার ২০৯ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। এটি তার প্রথম বাজেট এবং চলতি বছরের জাতীয় নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারেরও প্রথম বাজেট।
প্রস্তাবিত বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.৬৩ শতাংশের সমান। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি, খাদ্য ও মৎস্য-প্রাণিসম্পদ খাতে ৩৭ হাজার ১২৬ কোটি টাকা বরাদ্দ ছিল, যা জিডিপির ০.৬১ শতাংশ।
সরকার আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছে। এই বাজেটের আকার জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।