Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬-২৭ অর্থবছর / উচ্চশিক্ষায় বাজেট, কোন বিশ্ববিদ্যালয় কত পেল

স্টাফ করেস্পন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ২১:২৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফাইল ছবি

ঢাকা: দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত বাজেটের মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নির্ধারিত বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব বা পরিচালন ব্যয়ের জন্য এবং ৪৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ইউজিসি সূত্রে জানা গেছে, গবেষণা খাতে ব্যয়ের পুনরাবৃত্তি বা দ্বৈততা এড়াতে ২০২৬-২৭ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। ২০২৬ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মধ্যমেয়াদি বাজেট কাঠামো (২০২৬-২৭ থেকে ২০২৮-২৯) বিষয়ক ত্রিপক্ষীয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ বেড়ে ২২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ দুই খাতে সম্মিলিত বরাদ্দের পরিমাণ হয়েছে ২৩৮ কোটি টাকা।

বাজেটে কোন বিশ্ববিদ্যালয় কত পেল

২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এর পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয় ১৮২ কোটি ৯২ লাখ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬০ লাখ টাকা, বরিশাল বিশ্ববিদ্যালয় ৬২ কোটি ৮৭ লাখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৭৯ কোটি ৭২ লাখ টাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৭৫ কোটি ২০ লাখ টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৮২ কোটি ৮১ লাখ টাকা, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ১৪৭ কোটি ৪৭ লাখ টাকা, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ১১০ কোটি ৩৭ লাখ টাকা, নওগাঁ বিশ্ববিদ্যালয় ৯৭ কোটি ৬৪ লাখ টাকা, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ৮৬ কোটি ১৮ লাখ টাকা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ৯১ কোটি ২০ লাখ টাকা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২১১ কোটি ৬৯ লাখ টাকা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ১৪৯ কোটি ৩৪ লাখ টাকা।

এর বাইরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ৬৮ কোটি ৩৬ লাখ টাকা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ৬২ কোটি ৮৮ লাখ টাকা, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ৫১ কোটি ৯৫ লাখ টাকা ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১৩ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩৩ কোটি ৪১ লাখ টাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৫ কোটি ৭২ লাখ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২১ কোটি ২৯ লাখ টাকা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৮ কোটি ৩৪ লাখ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৮ কোটি ৭৯ লাখ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৮ কোটি ৫৪ লাখ টাকা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৮ কোটি ৭৪ লাখ টাকা ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৮ কোটি ৫৩ লাখ টাকা পেয়েছে।

অন্যান্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১৯ কোটি ৪০ লাখ টাকা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৭ কোটি ৩২ লাখ টাকা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৬ কোটি ৭৫ লাখ টাকা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৫ কোটি ০৯ লাখ টাকা, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭১ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২৮০ কোটি ৪৭ লাখ টাকা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১০ কোটি ৪০ লাখ টাকা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৬ কোটি ৩৩ লাখ টাকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২৭ কোটি ৪৫ লাখ টাকা ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৯৭ কোটি ০৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

আবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ১০২ কোটি ৮২ লাখ টাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৫২ কোটি ১২ লাখ টাকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১৪২ কোটি ৮৯ লাখ টাকা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৩০৭ কোটি ৫৬ লাখ টাকা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ১৭৫ কোটি ৭ লাখ টাকা, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ১৫৩ কোটি ১৫ লাখ টাকা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮৯ কোটি ৮৩ লাখ টাকা।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ১৭৯ কোটি ২৫ লাখ টাকা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৩ কোটি ৭৮ লাখ টাকা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ৬ কোটি ৩০ লাখ টাকা, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ৮ কোটি ১৮ লাখ টাকা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ১৩ কোটি ৩৪ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

এগুলোর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২৭৩ কোটি ৩২ লাখ টাকা ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২৪৯ কোটি ২০ লাখ টাকা রাজস্ব বরাদ্দ পেয়েছে।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর