ঢাকা: জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের আলোচনা চলাকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশে যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং সম্পূরক মঞ্জুরি দাবির ওপর দেওয়া ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন এবং এই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন তুললে জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
রুমিন ফারহানা বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি, জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রাম করেছে। এ ছাড়া, সরকার গঠনের প্রায় চার মাস হয়ে গেলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো কবে হবে সে ব্যাপারে এখনও আমরা কিছু জানতে পারিনি।’
মন্ত্রী জবাবে বলেন, ‘আমাদের কয়েকজন সংসদ সদস্য বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি, সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব।’