ঢাকা: উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
তবে তিনি বলেছেন, কর্মজীবী নারীদের জন্য প্রতিটি জেলায় একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি জানান, কর্মজীবী নারীদের সুবিধার্থে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বর্তমানে সারা দেশে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৪৩টি রাজস্ব বাজেটের অধীনে এবং ২০টি উন্নয়ন বাজেটের অধীনে পরিচালিত হয়।
এছাড়াও জাতীয় মহিলা সংস্থার সদর কার্যালয়ে আরও একটি ডে-কেয়ার সেন্টার চালু রয়েছে। দেশের কর্মজীবী নারীদের সহায়তায় এই কার্যক্রম চলমান রাখার কথা জানান মন্ত্রী।