ঢাকা: জাতীয় সংসদসহ দেশের সব সেক্টরে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) স্পিকারের কার্যালয়ে জাতিসংঘের সহযোগী সংগঠন ইউএন উইমেন-এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা জানান।
সাক্ষাৎকালে স্পিকার ইউএন উইমেনের প্রতিনিধি দলকে জানান, বর্তমানে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব যেভাবে বেড়েছে, তেমনিভাবে রাজনৈতিক দলসহ দেশের সব সেক্টরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়ে চলেছে।
স্পিকার বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সব ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস্যদের মধ্যে ৪৯ জন চলমান বাজেট অধিবেশন থেকে অংশ নেওয়া করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী ও আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।’
নারী ও শিশুদের প্রতি যেকোনো সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে দেখছে উল্লেখ করে স্পিকার আলোচিত শিশু রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন। অসচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিণীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ ও কৃষক কার্ড প্রদানসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে।’
বাংলাদেশের বর্তমান সরকার নারী অধিকার সুরক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ইত্যাদি সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে এগিয়ে রয়েছে বলে ইউএন উইমেন বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ স্পিকারকে অবহিত করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং ইউএন উইমেনের বাংলাদেশ ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনিতা সিনহা উপস্থিত ছিলেন।