ঢাকা: খেলাধুলার পাশাপাশি পড়াশোনা, গান, বাজনা ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পারদর্শী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, খুদে শিক্ষার্থীদের শুধু খেললে হবে না, পড়াশোনা ও সৃজনশীল কাজেও এগিয়ে যেতে হবে। এ ধরনের বহুমুখী চর্চাই একটি শক্তিশালী জাতি গঠনে ভূমিকা রাখবে।
শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুদে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও তোমাদের পারদর্শী হতে হবে। তবে সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য নানা ধরনের খেলাধুলায় নিয়মিত অংশ নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, খেলাধুলার প্রসারে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ বছরই মাধ্যমিক পর্যায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর ‘প্রাইম মিনিস্টার কাপ’ আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে ।
সবুজ মাঠে ফুটবল খেলতে কেমন লেগেছে, তা জানতে চাইলে শিক্ষার্থীরা বিপুল উৎসাহে সাড়া দেয়। প্রধানমন্ত্রীর এমন উৎসাহমূলক বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে দারুণ উদ্দীপনার সৃষ্টি করে।