Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১০:৩৩

ঢাকা: দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ চূড়ান্ত পর্ব আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ শনিবার (২০ জুন) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই মাঠের লড়াই।

বিশ্বকাপ ফুটবল ঘিরে চলমান দেশব্যাপী উন্মাদনার মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনালে আজ নির্ধারিত হবে দেশের সেরা দুটি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে খেলা ও সমাপনী পর্বের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ণাঢ্য এই ফুটবল উৎসবে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

দেশের সাড়ে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে তৃণমূল পর্যায় পেরিয়ে আসা খুদে ফুটবলাররা এই চূড়ান্ত শিরোপা নির্ধারণী লড়াইয়ে অংশ নিচ্ছে।

আজকের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে বালিকা বিভাগ থেকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালক বিভাগের মূল শিরোপা লড়াইয়ে একে অপরের মুখোমুখি অংশ নেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত বৃহস্পতিবার (১৮ জুন) আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, গত ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। গ্রাম পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে সেরা দলগুলো ঢাকায় এই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। তিনি আরও বলেন, দেশের তৃণমূল পর্যায় থেকে প্রকৃত ফুটবল প্রতিভা খুঁজে বের করার এই বিশেষ উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং আগামী আসরে অন্তত ৫০ লাখ ছাত্রছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।