Tuesday 23 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ার আতিথেয়তায় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৭:৪১ | আপডেট: ২৩ জুন ২০২৬ ১৭:৪২

স্ত্রীসহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়া সফরকালে তিনি এবং তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান যে আন্তরিকতা, সৌহার্দ্য এবং অনন্য সম্মান পেয়েছেন, তাতে তারা গভীরভাবে মুগ্ধ ও কৃতজ্ঞ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর এই চমৎকার আতিথেয়তা আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পোস্টে মালয়েশিয়া সরকার ও দেশটির সাধারণ জনগণের পক্ষ থেকে প্রদর্শিত এই নিবিড় বন্ধুত্ব, সৌহার্দ্য ও আন্তরিক শুভেচ্ছা তাকে ও তার পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বৃহত্তর দ্বিপক্ষীয় সহযোগিতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের বিষয়টি এই আলোচনার মাধ্যমে পুনর্ব্যক্ত হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের এই চমৎকার সম্পর্ক বহু দশকের পুরোনো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকেই এই মজবুত সম্পর্কের সুদৃঢ় ভিত্তি গড়ে উঠেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই ফেসবুক পোস্টে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় সফরের ব্যস্ততার মাঝেও সাক্ষাতের সময় দেওয়া এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা করার জন্য তিনি মালয়েশিয়ার রাজার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

তিনি বলেন, বাংলাদেশ সবসময়ই মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। দুই দেশের জনগণের মধ্যে যে দৃঢ় যোগাযোগ ও নিবিড় সম্পর্ক বিভিন্ন খাত এবং জীবনের নানা ক্ষেত্রে গড়ে উঠেছে, সে বিষয়েও তিনি গর্ব প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের বিশেষ প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আগামীতে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে দুই দেশের মধ্যকার বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও বেগবান করার প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর