ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কোনো অবস্থাতেই বাড়ির ছাদের ফুলের বাগানসহ সকল টবে, ডাবের খোসা, রঙের কৌটা বা যেকোনো পাত্রে পানি যেন জমে না থাকে। সেজন্য সচেতন হতে হবে। সবাই সচেতন হলেই নগরকে ডেঙ্গু মুক্ত করা সম্ভব।
শুক্রবার (২৬ জুন) সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে লক্ষ্যে গঠিত ‘টাস্ক ফোর্স কমিটি’ কর্তৃক বাসা বাড়িতে এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান পরিচালনার অংশ হিসেবে বনানী ১৮, ২১ ও ২৪ নম্বর রোডে কয়েকটি বাড়ি ও স্থাপনায় অভিযান কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা কিংবা জেল দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো ও ডেঙ্গু মুক্ত নগর গড়ে তোলা। নগরবাসী যদি সচেতন হয়ে নিজের বাসা-বাড়ি ,আঙ্গিনা ও বাড়ির ছাদের ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাহলে ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব।
প্রতিমন্ত্রী নগরবাসীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক অফিস থেকে ডেঙ্গু বাহকের লার্ভা নিধনের ট্যাবলেট সংগ্রহ করে নিজ উদ্যোগে বাসাবাড়ি জমে থাকা পানিতে ছিটিয়ে দিয়ে লার্ভা ধ্বংস করার কাজে সহযোগিতার আহবান জানান।
তিনি বলেন, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি নগরবাসীর সহযোগিতা নিয়ে আমরা ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত করব, ইনশাল্লাহ।
অভিযান শেষে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস বলেন, নগরবাসী যদি সচেতন না হয় তাহলে ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও নির্মূল সম্ভব নয়। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত প্রতিদিন বাসা-বাড়ি, স্থাপনা ও রেস্টুরেন্টসহ বিভিন্ন জায়গায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখছি এবং ডেঙ্গু মশার বাহক লার্ভা নিধন করছি। বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে তিন মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম চলমান রয়েছে।
অভিযানকালে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী বনানীর ২৪ নম্বর রোডের নির্মাণাধীন একটি আবাসিক ভবন থেকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও অনাদায়ে ৩ মাসের মাসের কারাদণ্ড দেন।
অভিযান কার্যক্রম পরিচালনার সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্টীকারের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়।