ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বারইপাড়া খাল খনন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই নগরীর ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কারসহ খাল থেকে আবর্জনা ও মাটি অপসারণ করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে বর্তমানে নগরের ২৫টি খালের পলি ও বর্জ্য অপসারণের পাশাপাশি ১ হাজার ৬০০ কিলোমিটার সার্ভিস ড্রেন পরিষ্কারের কাজ পুরোদমে চলছে। এ ছাড়া আরও ৩২টি খাল থেকে মাটি ও বর্জ্য সরানোর প্রক্রিয়া চলমান রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মেগা প্রকল্পের অন্তর্ভুক্ত ৩৬টি খাল রক্ষণাবেক্ষণের ডিপিপি তৈরির কাজ চলছে এবং মেগা প্রকল্পের বাইরের আরও ২১টি খাল খননে আলাদা উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।’
নগরের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক আধুনিকায়নের মাধ্যমে ইতোমধ্যে ৪৮ কিলোমিটার নতুন সড়ক, দুটি কালভার্ট এবং ছয়টি পথচারী সেতু বা ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে।’ তা ছাড়া নাগরিকদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি মাঠের কাজ শেষ হয়েছে এবং আরও ছয়টি খেলার মাঠ উন্নয়নের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।