Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৪

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি এবং দেশের জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব ও সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আগামী দিনে যেসব প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেসব প্রকল্পে বিশ্বব্যাংকের অংশীদারত্ব কাঠামোর আওতায় কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রশংসিত হয়েছে এবং এসব কর্মসূচিতে সংস্থাটির সমর্থন থাকবে।

তরুণ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের চালু করা কর্মসূচিতে ৫০ শতাংশ অনুদান ও ৫০ শতাংশ সহজশর্তের ঋণের ব্যবস্থা রয়েছে। আগামী দিনে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ কর্মসূচি আরও বড় পরিসরে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করবে।

বাংলাদেশের তেল-গ্যাস সংকটের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এ সংকট উত্তরণে বিশ্বব্যাংকের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক এগিয়ে আসতে সম্মত হয়েছে।

সরকারের নেওয়া প্রকল্পগুলো যাতে সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সামনে এগিয়ে যেতে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

টেকসই প্রকল্পগুলোর বিষয়ে বিশ্বব্যাংকের অবস্থান জানতে চাইলে আমির খসরু বলেন, সংস্থাটি বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির যেসব প্রকল্প চালু হয়েছে, সেগুলো আরও বড় পরিসরে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/এমএমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর