ঢাকা: দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ নিশ্চয়তা দেন।
দেশে এলপিজির বর্তমান আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সভায় এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুত পরিস্থিতি সন্তোষজনক। এ কারণে বর্তমানে বাজারে এলপিজির কোনো ধরনের সংকট নেই বলে জানান আমদানিকারক ও অপারেটররা।
মন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও গ্রাহক পর্যায়ে যাতে সরবরাহ ঘাটতি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারেন, সেদিকেও নজর রাখতে হবে।
এ সময় অপারেটররা এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় এলপিজি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন অপারেটররা। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপিজি আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের বাধা দূর করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।