ঢাকা: রাজধানীর যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত ও দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্প শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বাস্তবায়নে বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এর আগে এ প্রকল্পের মাধ্যমে রাজধানীর অভ্যন্তরীণ সড়কে যানবাহনের চাপ কমিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত সহজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।