Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১০:০৪

ঢাকা: বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা আগামীতে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলা ও আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বিস্তৃত জ্ঞানচর্চা, যুক্তিবোধ, গভীর তথ্য বিশ্লেষণ এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার দক্ষতা বিকশিত হয়। তবে যুক্তি চর্চা যেন কেবল তর্কের খাতিরে তর্ক না হয়, সেদিকে শিক্ষার্থীদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে যেকোনো বিতর্কে উপস্থাপিত তথ্যগুলোকে সঠিক, নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট জ্ঞানভিত্তিক রাখার তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার মিলনায়তনে আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম, যিনি ফাইনাল বিতর্কের মডারেটরের দায়িত্বও পালন করেন। অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিযোগী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তাদের সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হয়। ভবিষ্যৎ কর্মজীবনে এসব কার্যক্রম একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার পরিচয় বহন করে।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অনেক উপজেলায় এসব কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

তিনি বলেন, সরকার সারা দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং এর বাইরেও দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে এসব প্রতিযোগিতা সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এ উদ্যোগকে আরও বিকশিত করার কাজ করছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চা আরও সমৃদ্ধ হবে এবং তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম যেখানেই থাকুক না কেন, দিনের শেষে তারা বাংলাদেশের সন্তান। দেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের কাজ করতে হবে।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে ট্রফি, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

 

সারাবাংলা/এফএন/ এএ