Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১২:০৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১২:৩৮

ছবি: সংগৃহীত।

ইরান-সমর্থিত হুতিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। তাই ঢাকা থেকে আজ রোববার সকাল পর্যন্ত রিয়াদগামী মোট পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আজ সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪ ও এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটটি বাতিল হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (১০ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল শনিবার বেলা ৩টা ১০ মিনিট। তবে এটি শনিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে অবতরণ করে।

রিয়াদে বিমানবন্দরের পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইট বাতিল ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানের বিজি ৩৩৯ ও ৩৪০ ফ্লাইট স্থগিতের কথা রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুটি ফ্লাইটই ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের তথ্য দিয়ে রয়টার্স বলেছে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থাও যাচাই করতে বলা হয়েছে।