ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে টানা তিনদিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনার ফলে আগামী ২৭ অক্টোবর রাত ১২টা থেকে ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে, ভোটগ্রহণের আগের দিন অর্থাৎ ২৮ অক্টোবর মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, প্রাইভেটকার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ (ঠাকুরগাঁও-১) শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ করার লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর সকাল ৮টায় নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হবে। ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিষেধাজ্ঞা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের গাড়ি চলাচলের সুযোগ থাকবে। এ ছাড়া জরুরি সেবা, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহন এবং সংবাদপত্রের গাড়ি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন কিংবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে চলাচলের গাড়িও স্বাভাবিকভাবে চলতে পারবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচন এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি করে ছোট আকারের গাড়ি ব্যবহারের অনুমতি প্রদান করা যাবে।
অন্যদিকে সাংবাদিক, পর্যবেক্ষক, বিটিআরসি অনুমোদিত টেলিযোগাযোগ খাতের যানবাহন এবং নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি ইসির অনুমোদন সাপেক্ষে চলতে পারবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা যাতায়াতের প্রধান সড়কগুলোতে চলাচলের বিষয়ে স্থানীয় বাস্তবতার নিরিখে নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।