ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে বহিরাগতদের নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনামূলক চিঠি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন উপলক্ষ্যে ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অনাকাঙ্ক্ষিত অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত নির্বাচনি কাজে সম্পৃক্ত ব্যক্তি, ইসির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং ওই এলাকার স্থানীয় বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য যেকোনো বহিরাগত ব্যক্তির অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সিদ্ধান্তটি বাস্তবায়নে ইসি সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।
উল্লেখ্য, এই উপনির্বাচনে বিভিন্ন দলের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এ আসন থেকে পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।