Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৭:১৬

ঢাকা: পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, কর্তৃপক্ষের সব কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিদিন সেবা নিতে আসা নাগরিকদের পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে জাতীয় তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা অনুসরণ করে কার্যালয়গুলো ধূমপানমুক্ত রাখতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, তামাকের ধোঁয়ায় প্রায় সাত হাজার ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে। এর মধ্যে প্রায় ২৫০টি মানবদেহের জন্য ক্ষতিকর। বাংলাদেশে প্রতিবছর তামাকের কারণে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়।

তিনি আরও জানান, গ্যাটসের তথ্য অনুযায়ী, আচ্ছাদিত কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ এবং সরকারি কার্যালয়ে ২১ দশমিক ৬ শতাংশ অধূমপায়ী নারী-পুরুষ পরোক্ষ ধূমপানের ঝুঁকিতে রয়েছেন। দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। ধূমপান না করেও প্রায় চার কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ উদ্যোগ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানান তাঁরা। বিধিমালা প্রণয়নে বিলম্ব হলে আইনে অন্তর্ভুক্ত জনস্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাগুলোর সুফল পেতে জনগণের দেরি হবে বলেও তাঁরা মন্তব্য করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন কর্মকর্তা ফেরদৌস আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত পরিচালক কাউছারুল ইসলাম সিকদার, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের সহকারী ডা. নায়লা পারভিন এবং আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।