ঢাকা: পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের সুনাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানায়।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই কেবল পাঠ্যবইয়ের পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের বহুমুখী প্রতিভায় গড়ে তুলতে হবে।’
তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং খেলার মাঠ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
বর্তমান বিশ্বব্যবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এতে ভবিষ্যতে দেশ-বিদেশের কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে।’
পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রসারের বিষয়েও সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় যেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠতে পারে।
বক্তব্যের এক পর্যায়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, অবলা প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।