Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষিত হচ্ছে না: সানজিদা তুলি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৯:৩৭

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন – ছবি : সংগহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, গুমের শিকার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত সব স্মৃতিচিহ্ন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন। শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগসহ বিভিন্ন মূল্যবান স্মৃতিচিহ্ন এখনো প্রদর্শনে আসেনি- উল্লেখ করে এগুলোর সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট ব্যবস্থা জানতে চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নে তিনি সংসদে এই বিষয়টি উত্থাপন করেন।

বিজ্ঞাপন

অধিবেশনে সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুমের শিকার ব্যক্তি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও শেষ স্মৃতিচিহ্ন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। এসব আবেগঘন স্মৃতিচিহ্নের মধ্যে রয়েছে শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সংগৃহীত সবকিছু এখনো জাদুঘরে যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।

সংসদে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, যেসব স্মৃতিচিহ্ন এখনো প্রদর্শনের আওতায় আনা হয়নি, সেগুলো আদৌ যথাযথভাবে ও নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা জানা জরুরি। এসব জিনিসপত্র কেবল শহীদ পরিবারের ব্যক্তিগত স্মৃতি নয়, বরং বাংলাদেশের ইতিহাসের জন্যও অত্যন্ত মূল্যবান জাতীয় সম্পদ। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রদর্শনের দ্রুত ব্যবস্থা নেওয়া একান্ত আবশ্যক।

সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংসদ সদস্যের উত্থাপিত প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলেও এর অভ্যন্তরীণ সাজসজ্জা ও প্রদর্শনীর কার্যক্রম এখনো চলমান রয়েছে। তাই পর্যায়ক্রমে সংগৃহীত সব স্মৃতিচিহ্নই জাদুঘরে প্রদর্শন করা হবে।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে বর্তমান সরকার অন্যতম ঐতিহাসিক গণঅভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই সর্বোচ্চ গুরুত্ব ও মর্যাদা দিয়ে সংশ্লিষ্ট সব স্মৃতিচিহ্ন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। এ সময় প্রদর্শনী থেকে বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোর একটি সুনির্দিষ্ট লিখিত তালিকা দেওয়ার জন্য সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের প্রতি অনুরোধ জানান তিনি। তালিকা পেলে সেগুলোও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেন সংস্কৃতিমন্ত্রী।

বিজ্ঞাপন

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
১৭ নভেম্বর ২০২৬ ১৯:২৭

আরো

সম্পর্কিত খবর