ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীরই একজন কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য ও গৌরবময় ঘটনা। ১৯৭১ সালের ২১ নভেম্বরের প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে ওই দিন সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেছিলেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেওয়ায় মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করেছিল। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাহিনী জাতির একটি গর্বিত প্রতিষ্ঠান। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা সশস্ত্র বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে। এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল বলে তিনি বাণীতে মন্তব্য করেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করে তারেক রহমান জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সদস্যদের সততা, দক্ষতা ও কর্মক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির জন্য অত্যন্ত গৌরবের এবং এটি বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের এই ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাহিনীটিকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, সুশিক্ষিত ও পেশাদার আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সেই আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল। সেই ধারাবাহিকতায় উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ করে তুলতে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। বাণীতে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালালেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে সশস্ত্র বাহিনীর সাফল্যের যাত্রা অব্যাহত রয়েছে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৭ বীরশ্রেষ্ঠ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য এবং বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।