ঢাকা: কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকায় অভিযানকালে মানবপাচারকারী চক্রের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা ও স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতার ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা দেন। পাশাপাশি তার পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়া, নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আইএসপিআর জানায়, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।