Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে ‘আট স্তম্ভ’ উদ্বোধন করবে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১১:২৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে উদ্বোধন হতে যাচ্ছে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ। উদ্বোধনে যোগ দেবেন আট স্তম্ভের স্বপ্নদ্রষ্টা আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এ সময় আট স্তম্ভ উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

২০২০ সালের ৭ অক্টোবর, আবরার ফাহাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সর্বপ্রথম আট স্তম্ভ নির্মাণ করা হয়। যার নেতৃত্ব দেন আখতার হোসেন। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। এ ছাড়াও, আট স্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেওয়ার কারণে আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিল ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন।

বিজ্ঞাপন

আট স্তম্ভের বিষয়গুলো হলো-সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।

আখতার হোসেন বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার আজ থেকে ছয় বছর আগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহিদ হয়েছিলেন। তাই আমরা এই স্থাপনাটির নাম দিয়েছিলাম আগ্রাসনবিরোধী আট স্তম্ভ।”

তিনি আরও বলেন, “আমরা মনে করছি, আটটি স্তম্ভ আটটি বিষয়কে নির্দেশ করবে। এই আটটি বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তা হলে আমরা একটি আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে পারব।”

এ সময় স্মরণ সভা ও আট স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সদয় উপস্থিতির অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরারকে শেরেবাংলা হলের কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে নির্যাতন করে। এতে তিনি শহিদ হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর