Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজনৈতিক দলগুলোর সিস্টেম পালটাতে হবে: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৬:০৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সিস্টেম ও সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত ‘নির্বাচন পদ্ধতি ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্রে একক দলের শাসন করার সুযোগ নেই। বিজয়ী দল মানেই তাদের সরকার, তাদের দেশ— এই মানসিকতা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।”

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল বসে আলোচনা করে আগামীর বাংলাদেশ ঠিক করতে পারে না, কারণ মানুষ সেই দায়িত্ব তাদের দেয়নি। তাই যেকোনো প্রস্তাব বা সনদের জন্য জনগণের ম্যান্ডেট প্রয়োজন।”

বিজ্ঞাপন

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যাতে জনগণের কণ্ঠ সংসদে প্রতিফলিত হয়। সংসদকে কার্যকর করা এখন সবচেয়ে জরুরি।”

আমীর খসরু আরও বলেন, “সনদে যেসব বিষয়ে একমত হয়েছে, সেসব নিয়ে এগিয়ে যেতে হবে। যতটুকু একমত, তা সংসদে আলোচনা হতে পারে। কোনটা গ্রহণযোগ্য হবে, সেটি জনগণই ঠিক করবে।”

উল্লেখ্য, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন গণতান্ত্রিক সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যেখানে দলটি সংসদীয় সংস্কৃতি পুনরুদ্ধার ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর