Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৭:৫১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে আলাদা করে গণভোট আয়োজনের কোনো প্রয়োজন নেই। দলটির দাবি, নির্বাচনের দিনেই ভোট ও গণভো— দুটি ব্যালটে একসঙ্গে অনুষ্ঠিত হতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “বিএনপির অবস্থান দিনের আলোর মতো পরিষ্কার— নির্বাচনের দিন দুটি ব্যালটে ভোট ও গণভোট একসঙ্গে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং এ নিয়ে নতুন করে আলোচনারও প্রয়োজন নেই।”

বিজ্ঞাপন

আমীর খসরু আরও বলেন, “ঐকমত্যের ভিত্তিতেই সব সিদ্ধান্ত হতে হবে। যেহেতু বিএনপি গণভোটের আলাদা আয়োজনের বিষয়ে ঐকমত্যে নেই, তাই বিষয়টি এগোনোর সুযোগ নেই।”

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয়নি— এটি অতীত অভিজ্ঞতায় প্রমাণিত। অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছেন, তাই নির্বাচনের সময়কালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার দাবি উঠেছে।”

এর আগে, বিকেল ৩টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর